গাজীপুর সিটি কর্পোরেশনের কাউলতিয়া এলাকায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করেছে প্রশাসন। টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হকের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে রাতের আঁধারেই ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহেরুল হক জানান, মহানগরের ২১ নং ওয়ার্ড কাউলতিয়া এলাকায় অভিযানকালে কৃষিজমির উপরিভাগ কেটে মাটি উত্তোলনের সত্যতা পাওয়া যায়। পরিবেশ সংরক্ষণ ও কৃষিজমি রক্ষায় সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত ২০২৩) অনুযায়ী সংশ্লিষ্ট ধারায় একজন অপরাধীকে পাঁচ লক্ষ টাকা অর্থদণ্ড আরোপ করে তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। একই সঙ্গে ঘটনাস্থলে চলমান অবৈধ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ভবিষ্যতে পুনরায় এমন কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে সতর্ক করা হয়।
এ সময় তিনি বলেন, কৃষিজমির উপরিভাগ নষ্ট করে মাটি কাটা শুধু আইনবিরোধী নয়, এটি পরিবেশের ভারসাম্য নষ্ট করে এবং খাদ্য নিরাপত্তার জন্যও মারাত্মক হুমকি সৃষ্টি করে। এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান নিয়মিত চলবে, কাউকে ছাড় দেওয়া হবে না।
স্থানীয় বাসিন্দারা প্রশাসনের এই দ্রুত অভিযানে সন্তোষ প্রকাশ করে বলেন, রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে কৃষিজমির মারাত্মক ক্ষতি হচ্ছিল। সময়মতো অভিযান চালিয়ে জরিমানা করায় ভবিষ্যতে এ ধরনের অপতৎপরতা কমবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় অবৈধ মাটি ও বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত নজরদারি জোরদার করা হবে এবং প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।