চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য বিদেশী কোম্পানি নিয়োগের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে এ বিষয়ে হাইকোর্টের দেওয়া রায় বহাল রইল এবং চুক্তি প্রক্রিয়া বৈধ বলেই গণ্য হলো। গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

গত ২৯ জানুয়ারি বিচারপতি জাফর আহমেদের একক হাইকোর্ট বেঞ্চ রায় ঘোষণা করে এনসিটি পরিচালনা সংক্রান্ত প্রক্রিয়ার বৈধতা নিয়ে জারি করা রুল খারিজ করে দেন।

এর আগে গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের দ্বৈত বেঞ্চ এ বিষয়ে বিভক্ত রায় দেন। বিচারপতি ফাতেমা নজীব চুক্তি প্রক্রিয়াকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) আইন, ২০১৫ এবং সরকার-টু-সরকার (জিটুজি) নীতিমালা, ২০১৭-এর লঙ্ঘন বলে অভিহিত করেন। অন্যদিকে বিচারপতি ফাতেমা আনোয়ার রিট আবেদন খারিজ করে দেন। পরে প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চে পাঠান।

বিচারপতি জাফর আহমেদের একক বেঞ্চ তাদের রায়ে পর্যবেক্ষণ করেন যে, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষ এবং দুবাই সরকারের পক্ষে ডিপি ওয়ার্ল্ডের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) আইনানুগভাবে সম্পন্ন হয়েছে। রায়ে বলা হয়, ২০১৭ সালের ক্রয়নীতি এবং সমঝোতা স্মারকের শর্তানুযায়ী প্রক্রিয়াটি এগোচ্ছে। এই নীতিমালা কার্যসম্পাদনে সরাসরি নির্বাচন এবং দরপত্র প্রক্রিয়া-দুটো পদ্ধতিই অনুমোদন করে।

আইন কর্তৃপক্ষকে এ ক্ষমতা দিয়েছে এবং এখানে আইনটি নিজেই চ্যালেঞ্জ করা হয়নি। এছাড়া এখনো কারও কাছে কোনো ওয়ার্ক অর্ডার জারি করা হয়নি মর্মে পর্যবেক্ষণ করে রিটটিকে অপরিণত (প্রিম্যাচিওর) বলেও উল্লেখ করা হয়।

রিট আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম। সঙ্গে ছিলেন আইনজীবী মো. আনোয়ার হোসেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

উল্লেখ্য, চট্টগ্রাম বন্দরের এনসিটির ব্যবস্থাপনা সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৪ সালের ২০ মার্চ যুব অর্থনীতি ফোরামের সভাপতি মির্জা ওয়ালিদ হাসান একটি রিট দায়ের করেন। ওই রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৩০ জুলাই হাইকোর্ট রুল জারি করেন। রুলে পিপিপি আইন লঙ্ঘন করে দেশীয় অপারেটরদের বাদ দিয়ে বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির প্রক্রিয়া কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়।

প্রসঙ্গত, ২০০৭ সালে নির্মিত নিউমুরিং কন্টেইনার টার্মিনালটি চট্টগ্রাম বন্দরের বৃহত্তম টার্মিনাল। বর্তমানে এটি বাংলাদেশ নেভির অধীনস্থ চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড পরিচালনা করছে। ২০১৯ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন আওয়ামী লীগ সরকার পিপিপি কর্তৃপক্ষের মাধ্যমে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি পরিচালনার জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে।