ময়মনসিংহ ও বরিশালে পৃথক অভিযানে অবৈধ অস্ত্র ও মাদকসহ ছাত্রদলের একাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার ও আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় বিদেশি দুটি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ ছাত্রদলের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। বৃহস্পতিবার ভোরে উপজেলার উথুরী ও হাটুরিয়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উথুরী গ্রাম থেকে মো. কামরুল ও মো. ছাব্বির হোসেন নামের দুই ভাইকে গ্রেপ্তার করা হয়। তারা ছাত্রদলের কর্মী। এ সময় তাদের কাছ থেকে বিদেশি দুটি পিস্তল, ম্যাগাজিন, একটি গুলি, নয়টি দেশীয় অস্ত্র, চাইনিজ কুড়াল, রামদা ও তিনটি ছুরি জব্দ করা হয়।
একই সময় হাটুরিয়া এলাকা থেকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত গফরগাঁও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মুক্তার হোসেন (৩৬) কে আটক করা হয়। তিনি ওই এলাকার রইস উদ্দিনের ছেলে।
অন্যদিকে বরিশালের উজিরপুর উপজেলায় গাঁজাসহ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে (৩৪) আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার শোলক এলাকায় ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেনাসদস্যরা মাদক ও চাঁদাবাজির সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, চাঁদাবাজি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মনির সরদারকে আটক করা হয়। বিকেল চারটার দিকে তাকে উজিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।