আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চাতরী ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনু আক্তারের ওপর হামলার অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি ১ নম্বর মহতর পাড়া ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আবদুল মন্নান আজাদ। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে চাতরী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ইউপি সদস্য মিনু আক্তার আনোয়ারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা গেছে, চাতরী ইউনিয়ন পরিষদের প্রকল্প বরাদ্দ নিয়ে ইউপি সদস্যদের উপস্থিতিতে একটি আলোচনা সভা চলছিল। সভায় প্রকল্পের বরাদ্দ সংক্রান্ত বিষয়ে দুজনের মধ্যে তর্ক শুরু হয়। একপর্যায়ে ইউপি সদস্য আবদুল মান্নান সংরক্ষিত নারী ইউপি সদস্য মিনু আক্তারকে মারধর করেন।

ফুলবাড়ী (দিনাজপুর) : ২৯ বিজিবির আওতাধীন বিরামপুর সীমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে ২লক্ষ ৪৫ হাজার টাকার মাদক আটক করেন। গত মঙ্গলবার ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর অধীনস্থ বিরামপুর বিশেষ ক্যাম্প কর্তৃক পৃথক পৃথক ০২টি চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ২৮৮ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ এবং ১৩,৪৭৫ পিস বাংলাদেশী মদ তৈরির বড়ি আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালের সিজার মূল্য ২,৪৫,৩২৫/- (দুই লক্ষ পয়তালি-শ হাজার তিনশত পঁচিশ) টাকা।

এ বিষয়ে ২৯ বিজিবির অধিনায়ক, লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, বিজিবি কর্তৃক চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল আটক এবং আসামী আটকের কার্যক্রম অব্যহত থাকবে।

মোংলা : মোংলা পৌরসভার মাদ্রাসা রোড এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট, নগদ অর্থ ও মাদক সেবনের বিভিন্ন উপকরণসহ এক নারীকে আটক করেছে যৌথবাহিনী। অভিযানের সময় কুখ্যাত মাদক ব্যবসায়ী ও মূল অভিযুক্ত মোঃ আব্দুর রহিম কৌশলে পালিয়ে গেলেও তার সহযোগী ও স্ত্রীকে ঘটনাস্থল থেকে আটক করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার মোংলা থানা পুলিশ ও মোংলা এনেক্স কন্টিনজেন্টের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানটি পরিচালিত হয় মোংলা পৌরসভাধীন মাদ্রাসা রোড সংলগ্ন রহিম সিকদারের বসতবাড়িতে।

পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই বাড়িতে মাদক ক্রয়-বিক্রয় ও মাদক সেবন চলছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে পরিকল্পিতভাবে অভিযান চালানো হয়। অভিযানে বাড়িটি তল্লাশি করে ১৮ বোতল বিদেশি হুইস্কি, ২ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ৪২ হাজার ০৫ টাকা, একটি মোবাইল ফোন এবং মাদক সেবনের জন্য ব্যবহৃত বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

অভিযানের এক পর্যায়ে যৌথবাহিনীর উপস্থিতি টের পেয়ে বাড়ির মালিক ও চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ আব্দুর রহিম বাড়ির পেছনের ডোবায় ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে তার সহযোগী ও স্ত্রী সাফিয়াকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়।

কালিগঞ্জ : কালিগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজা সেবনের অভিযোগে এক যুবককে ৭ দিনের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।দ-প্রাপ্ত ব্যক্তি হলেন কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুর এলাকার বাসিন্দা রাম কৃষ্ণ ঘোষের ছেলে প্রীপা সিন্ধু ঘোষ (৩৪)। গত রবিবার (১৮ জানুয়ারি) রাতের দিকে ভাড়াশিমলা ইউনিয়নের পূর্ব নারায়ণপুরে ইউপি সদস্য বরুণ কুমার ঘোষের বাড়ির সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় গাঁজা সেবনরত অবস্থায় প্রীপা সিন্ধু ঘোষকে হাতেনাতে আটক করে প্রশাসন।পরবর্তীতে আটককৃতকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মঈনুল ইসলাম খাঁন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন।সোমবার (১৯ জানুয়ারি) সকালে দ-প্রাপ্ত আসামিকে সাতক্ষীরা জেলা কারাগারে প্রেরণ করা হয়। এ সময় প্রশাসনের পক্ষ থেকে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়।

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : সম্প্রতি বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি থানাধীন ০১নং নাইক্ষ্যংছড়ি সদর ইউপির ০২নং ওয়ার্ডস্থ রূপনগর ব্রীজের পূর্ব পার্শ্বে পাকা রাস্তার উপর ভিকটিম ১। আয়েশা বেগম (১৩), ২। মরিয়ম বেগম (১১) দ্বয়কে একা পাইয়া বাড়িতে পৌছাইয়া দেওয়ার আশ্বাস দিয়ে প্রথমে আসামীর বাসায় পরবর্তীতে ফুসলাইয়া প্রলুদ্ধ করে আসামীর চালিত মোটর সাইকেল করে কক্সবাজার সদরে বানিজ্য মেলায় নিয়ে যায় কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীরকাটা এলাকার মোহাম্মদ ফেরদৌসের ছেলে আয়াত উল্লাহ। পরবর্তীতে মেলা শেষে কক্সবাজার সদর থানাধীন বাকুলী আবাসিক হোটেলে নিয়ে গিয়ে রাত্রিযাপন করে। গত-২০/০১/২০২৬খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ০২:০০ ঘটিকার সময় ভিকটিম মরিয়ম বেগম ঘুমাইয়া পড়িলে বিবাদী তাহার যৌন কামনা চিরতার্থ করার নিমিত্তে ভিকটিম আয়েশা বেগম(১৩) এর শরীরের স্পর্ষকাতর বিভিন্ন স্থানে হাত দেয়। ভিকটিম আয়েশা বেগম বাঁধা দিলে আসামী বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ভিকটিম এর পড়নে থাকা কাপড় চোপড় খুলে তাহার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষন করে। এই ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে লিখিত এজাহার দায়ের করা হয়েছে বলে জানান নাইক্ষ্যংছড়ি থানার এসআই (নিরস্ত্র) আঃ হক। মামলা দায়েরের পর অভিযান চালিয়ে অভিযুক্ত আয়াত উল্লাহ কে গ্রেফতার করেছে পুলিশ।