স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুর মহানগরের সদর মেট্রো থানার অভিযানে বিপুল পরিমাণ চোরাই ডিজেল জব্দ এবং এক অবৈধ মজুদদারকে গ্রেফতার করা হয়েছে। জব্দ করা হয়েছে মোট ৮৮০ লিটার ডিজেল, যা কৃত্রিম সংকট সৃষ্টি করে অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জিএমপি সদর থানার আভিযানিক টিম উত্তর সালনা পোড়াবাড়ী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে অভিযান পরিচালনা করে। এ সময় অস্থায়ীভাবে গড়ে ওঠা চোরাই ডিজেল ক্রয়-বিক্রয় কেন্দ্র হিসেবে ব্যবহৃত আব্দুর রাজ্জাক ও মোঃ ফিরোজের দোকানে তল্লাশি চালানো হয়।
অভিযানকালে পাঁচটি স্টিলের ড্রামে সংরক্ষিত মোট ৮৮০ লিটার ডিজেল জব্দ করা হয়। এ ঘটনায় আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি উত্তর সালনা এলাকার বাসিন্দা।
গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ আমিনুল ইসলাম জানান, কৃত্রিম জ্বালানি সংকট তৈরি করে অবৈধভাবে মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। তিনি বলেন, পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামি এবং পলাতক অপর জড়িতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানান তিনি।