বগুড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ব্রিটেনে তৈরি রিভলবার, তাজা গুলি ও বিপুল পরিমাণ দেশি অস্ত্রসহ আতিকুর রহমান (৩৫) নামে এক সন্ত্রাসীক গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) ভোররাত থেকে শাজাহানপুর উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল বাগিনাপাড়া এলাকায় এই অভিযান শুরু হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৪০ বীর-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর আহম্মেদ তমালের নেতৃত্বে এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালিত হয়। অভিযানে ক্যাপ্টেন জানে আলম সাদিফ ও লেফটেন্যান্ট আল ফাহাদসহ সেনাসদস্যরা অংশ নেন। ভোর সাড়ে ৪টায় আতিকুর রহমানের বাড়ি ঘেরাও করা হয়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে আতিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন সেনা সদস্যরা। পরে ওই বাড়িতে দীর্ঘ সময় ধরে তল্লাশি চালিয়ে ব্রিটিশ রিভলবার, ৪ রাউন্ড তাজা গুলি, ফাকা ম্যাগাজিন এবং শর্টগানের ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এ ছাড়াও বাড়ির বিভিন্ন প্রান্ত থেকে বিপুল পরিমাণ ধারালো দেশি অস্ত্র জব্দ করা হয়েছে। অস্ত্রের পাশাপাশি ওই বাড়ি থেকে কোকেন ও ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। বগুড়ার শাজাহানপুর থানার সাব-ইন্সপেক্টর আল আমিন জানান, গ্রেপ্তার আতিকুর রহমানের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের একাধিক মামলা রয়েছে। তল্লাশিকালে তার হেফাজত থেকে দুটি পাসপোর্ট, একটি ভুয়া সাংবাদিক পরিচয়পত্র ও বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ায় অবৈধ অস্ত্র উদ্ধারে কঠোর অবস্থানে রয়েছে সেনাবাহিনী। গত ২০ দিনের ব্যবধানে শাজাহানপুর উপজেলা থেকেই বেশ কয়েকটি বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। একের পর এক শীর্ষ সন্ত্রাসী ও অস্ত্র উদ্ধারের ঘটনায় ওই এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে।