গাজীপুরের কাপাসিয়ায় তাফসিরুল ইসলাম অন্ত (১৪) নামে এক স্কুলছাত্র নিখোঁজের পর একটি দোতলা ভবনের ছাদ থেকে তার রক্তমাখা জামাকাপড়, জুতা ও আইডি কার্ড উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে নিখোঁজের প্রায় একদিন পরও সন্ধান মেলেনি অষ্টম শ্রেণির শিক্ষার্থী অন্তের। তাকে উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠী, শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী।
বুধবার (১৯ আগস্ট) উপজেলার বীর উজলী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে দ্রুত নিখোঁজ শিক্ষার্থীকে খুঁজে বের করার দাবি জানান।
নিখোঁজ অন্ত উপজেলার টোক ইউনিয়নের ডুমদিয়া মধ্যপাড়া এলাকার সোহাগ খানের দ্বিতীয় ছেলে। সে বীর উজলী মডেল একাডেমির অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ২টার দিকে স্থানীয় একটি দোকানের সিসিটিভি ক্যামেরায় অন্তকে সর্বশেষ দেখা যায়। এর প্রায় আধা ঘণ্টা পর বীর উজলী বাজারের ব্যবসায়ী মফিজ উদ্দিনের দোতলা ভবনের ছাদ থেকে রক্তমাখা শার্ট, প্যান্ট, জুতা, স্কুলব্যাগ ও আইডি কার্ড পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
একজন স্কুলছাত্রকে সর্বশেষ সিসিটিভি ফুটেজে দেখার পরপরই তার ব্যবহৃত পোশাক ও অন্যান্য সামগ্রী রক্তমাখা অবস্থায় একটি ভবনের ছাদে পাওয়ার ঘটনায় পরিবারের সদস্য ও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তারা দ্রুত তদন্ত করে অন্তের সন্ধান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
মানববন্ধনে বক্তারা বলেন, অন্তের ব্যবহৃত পোশাক রক্তমাখা অবস্থায় উদ্ধারের বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। তাকে জীবিত অবস্থায় উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।
কাপাসিয়া থানার ওসি নাসির আহাম্মেদ বলেন, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। ভবনের ছাদ থেকে উদ্ধার হওয়া স্কুলব্যাগ, আইডি কার্ড, শার্ট ও প্যান্ট প্রাথমিকভাবে অন্তের বলে ধারণা করা হচ্ছে। তাকে উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রয়েছে।
এদিকে অন্তের সন্ধান না পাওয়ায় তার পরিবারসহ সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ আরও বেড়েছে। দ্রুত তাকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।