খুলনায় পূর্ব শত্রুতার জেরে যুবদলের এক সদস্যসহ দুইজনকে গুলী করে আহত করার ঘটনা ঘটেছে। আহতরা হলেন পুটিমারী বাজার কমিটির সভাপতি ও যুবদল সদস্য মাসুম বিল্লাহ (৩৩) এবং জাহিদ (৩৫)। গতকাল বৃহস্পতিবার দুপুরে লবণচরার পুটিমারী বাজার সংলগ্ন ১ নং জলমা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি অফিসের ভেতরে এ ঘটনাটি ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করেন। বর্তমানে তারা সার্জারি ১১ ও ১২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মাসুম বিল্লাহ ও জাহিদ বিএনপি অফিসে বসে ছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে বিভিন্ন থানার একাধিক মামলার আসামী হিসেবে পরিচিত পারভেজ (৩৪) সেখানে প্রবেশ করে। পরে তর্ক-বিতর্কের একপর্যায়ে তাদের লক্ষ্য করে গুলী ছোড়ে। এতে মাসুম বিল্লাহর বাম পায়ের রানে এবং জাহিদের ডান হাতের বাহুতে গুলি লাগে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

১ নং জলমা ইউনিয়নের গুলিবিদ্ধ জাহিদ বলেন, আমরা ২ জন বিএনপি অফিসে বসে ছিলাম। এসময় হঠ্যাৎ করে মাসুম বিল্লাহকে উদ্দেশ্য করে পারভেজ গুলি করে। গুলী ঠেকাতে গিয়ে আমার হাতে গুলী লাগে।

গুলী বিদ্ধ মাসুম বিল্লাহ বলেন, আমি যুবদলের ১ নং জলমা ইউনিয়নের সাধারণ সম্পাদক পদপ্রার্থী। আমি বসে ছিলাম। এ সময় পারভেজ এসে কথা বলে। মুক্তার হোসের রোডে বাড়ি। ওর বাবার নাম নুর ইসলাম। ওকে আমি আগে থেকে চিনি। কথা বলে পারভেজ বের হয়ে যায়। এরপর আবার ফিরে এসে আমাকে লক্ষ্য করে গুলী করে। ঠেকাতে গিয়ে জাহিদ গুলীবিদ্ধ হয়। আমি অফিসের পিছন দরজা দিয়ে বের হই। ওখানে ঘের আছে। পারভেজ পিছনের দরজায় এসে আমার বাম পায়ে গুলী করে।

এ ব্যাপারে লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোশারেফ হোসেন জানান, পূর্ব শত্রুতার জেরে পারভেজ নামের এক ব্যক্তি তাদের গুলী করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। মামলা করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।