স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুর মহানগরের গাছা থানাধীন দুলাল মার্কেটে নারী ব্যবসায়ী রানী হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি ছাত্রদল নেতা আশিককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৩১ জানুয়ারি) দিবাগত গভীর রাতে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা থেকে আশিককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশিক (২২) গাজীপুর মহানগর গাছা থানার ৩৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের গত কমিটির সাধারণ সম্পাদক ছিলেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদে আশিক হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ঘটনার বিস্তারিত জানতে তাকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, নিহত রানীর ছেলে হৃদয় বাদী হয়ে তিন জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার প্রধান আসামি আশিককে গ্রেফতারের মাধ্যমে তদন্তের গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে জানান তিনি।

উল্লেখ্য, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টার দিকে পাওনা টাকা সংক্রান্ত বিরোধের জেরে দুলাল মার্কেটে আশিক ছুরিকাঘাত করলে রানী গুরুতর আহত হন। পরে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর দুপুরে তার মৃত্যু হয়।