স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
টঙ্গীর আরিচপুর এলাকায় নকল জুস তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৫ হাজার ৫৯০ বোতল ভেজাল জুস ধ্বংস করেছে পুলিশ। একই সঙ্গে নকল জুস তৈরির উপকরণ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয় এবং এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি (দক্ষিণ) বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মিজানুর ইসলামের নেতৃত্বে এসআই মো. শফিকুল ইসলামসহ একটি দল বুধবার সন্ধ্যায় টঙ্গী পূর্ব থানাধীন আরিচপুর মধুমিতা রোড এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বাসার নিচতলায় গড়ে তোলা নকল জুস তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।
সেখান থেকে ফুটি ব্র্যান্ডের ৪ হাজার ৩৮০ বোতল, ডিংকি ব্র্যান্ডের ১০ বোতল এবং লেবেলবিহীন ১ হাজার ২০০ বোতলসহ মোট ৫ হাজার ৫৯০ বোতল নকল জুস উদ্ধার করা হয়। পাশাপাশি জুস তৈরির কেমিক্যাল, বোতল, লেবেল, ঢাকনা ও প্যাকেটজাত করার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। উদ্ধারকৃত নকল জুস পরে ধ্বংস করা হয়।
অভিযানের সময় নকল জুস তৈরির সঙ্গে জড়িত মো. আব্দুস সালামকে গ্রেফতার করা হয়। তিনি পাবনার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা হলেও বর্তমানে আরিচপুর এলাকায় ভাড়া বাসায় থেকে এই অবৈধ কারখানা পরিচালনা করছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে নকল জুস তৈরি করে স্থানীয় বাজারে সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ঝুঁকিতে ফেলে ভেজাল খাদ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।