শাহজালাল শাহেদ, চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা: ধর্ষণের শিকার ভিকটিমের (কিশোরীর) পরিচয় ফাঁস করার অভিযোগে কক্সবাজারের চকরিয়া থানার ওসির বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ নোটিশ পাঠানো হয়েছে স্বরাষ্ট্র সচিব, আইজিপি, চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি ও কক্সবাজারের এসপিকে।
বুধবার (৩ জুন) সুপ্রিম কোর্টের আইনজীবী ও ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস. এম. জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন।
সম্প্রতি এক ব্যক্তিকে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় চকরিয়া থানার এসআই মোহাম্মদ আরকানুল ইসলামকে প্রত্যাহার করা হয়। ওই ঘটনার নেপথ্য নির্দেশদাতা হিসেবে ওসির অপসারণ ও শাস্তির দাবি থেকে জনদৃষ্টি আড়াল করতেই ওসি মনির হোসেন এমন অপকৌশলের আশ্রয় নেন বলে সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ।
জানা গেছে, সোমবার (১ জুন) রাতে চকরিয়া থানার অফিসিয়াল ফেসবুক পেজে ধর্ষণের শিকার ওই কিশোরীর একটি ছবি প্রকাশ করা হয়। এই পোস্ট প্রকাশের পরপরই ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়। পরে নেটিজেনদের তীব্র সমালোচনার মুখে থানার ফেসবুক পেজটি ডিঅ্যাক্টিভেট করে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
এহেন বিতর্কিত কর্মকাণ্ড সর্বত্রে তোলপাড় শুরু হলে চকরিয়া থানার ওসি মনির হোসেনের বিরুদ্ধে তদন্তপূর্বক বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে স্বরাষ্ট্র সচিবসহ ৪টি দপ্তরে সুপ্রিম কোর্টের আইনজীবী ন্যাশনাল ল ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস.এম জুলফিকার আলী জুনু এ নোটিশ প্রেরণ করেন।
অভিযোগ রয়েছে, ঈদগাঁও উপজেলার এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণ করা হয়। কিশোরীর বাবার দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্ত নুরুল আমিনকে (২৪) গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। পরবর্তীতে পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে বলে পুলিশ সূত্রে প্রকাশ।
তবে এ ঘটনার আগেই অভিযুক্ত নুরুল আমিনকে মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। ওই ঘটনায় চকরিয়া থানার এসআই মোহাম্মদ আরকানুল ইসলামকে প্রত্যাহার (ক্লোজড) করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়।
এদিকে লিগ্যাল নোটিশে বলা হয়েছে, জাতীয় দৈনিকসহ একাধিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা যায় যে, ধর্ষণের শিকার এক কিশোরীর ছবি চকরিয়া থানার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়। ওই ঘটনার জন্য চকরিয়া থানার ওসি মনির হোসেনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়।
নোটিশে উল্লেখ করা হয়, ধর্ষণ ও যৌন নিপীড়নের শিকার ব্যক্তির পরিচয়, ছবি কিংবা এমন কোনো তথ্য প্রকাশ করা যা দ্বারা তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়, তা আইন, মানবাধিকার এবং ভিকটিম সুরক্ষার নীতিমালার পরিপন্থি। হাইকোর্ট বিভাগ সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করেছেন যে, ধর্ষণ ও যৌন নিপীড়নের ভিকটিমদের ছবি ও পরিচয় প্রকাশ থেকে বিরত থাকতে হবে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
যদি গণমাধ্যমে প্রকাশিত অভিযোগ সত্য হয়ে থাকে, তবে সংশ্লিষ্ট কর্মকাণ্ড হাইকোর্টের নির্দেশনার পরিপন্থি, ভিকটিমের মৌলিক অধিকার লঙ্ঘনকারী এবং দায়িত্বহীন আচরণ হিসেবে বিবেচিত হতে পারে। এ ধরনের কর্মকাণ্ড ভুক্তভোগীর মানসিক, সামাজিক ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এসআই আরকানকে ঘিরে সৃষ্ট সমালোচনা এবং পুলিশের বিরুদ্ধে উঠা অভিযোগ ভিন্নখাতে প্রবাহিত করতেই ধর্ষণের শিকার কিশোরীর ছবি থানার ফেসবুক পেজে প্রকাশ করা হয়। এমনকি ওই ছবির সঙ্গে একটি দীর্ঘ ব্যাখ্যামূলক লেখাও (স্ট্যাটাস) যুক্ত করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
সূত্র বলছে, উদ্ধার অভিযানের পর কিশোরীকে থানায় নেওয়া হলে ওসি মনির হোসেনের কক্ষে তার ছবি তোলা হয়। প্রকাশিত ছবিতে দেখা যায়, কিশোরীর ওড়না সরিয়ে পাশের আসবাবপত্রের ওপর রাখা হয়েছে। পরে সেই ছবিই থানার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
চকরিয়া থানার একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, এসআই আরকানকে ঘিরে সৃষ্ট বিতর্কের জবাব দিতে এবং পুলিশের পক্ষে জনমত তৈরির উদ্দেশ্যেই ভিকটিমের ছবি ও ঘটনার বিবরণ প্রকাশ করা হয়েছিল। তবে এই পদক্ষেপ উল্টো নতুন বিতর্কের জন্ম দেয় এবং পুলিশের বিরুদ্ধে সমালোচনা আরও তীব্র হয়ে ওঠে। তাছাড়া এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
ভুক্তভোগী কিশোরীর বাবা বলেন, আমার মেয়েকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা ধর্ষণের আলামত পেয়েছেন বলে আমাকে জানানো হয়। কিন্তু আমার মেয়ের ছবি ফেসবুকে প্রকাশের বিষয়টি আমাকে কিছু জানানো হয়নি। কোনো অনুমতিও নেওয়া হয়নি।
অভিযোগের বিষয়ে বিস্তারিত জানতে চকরিয়া থানার ওসি মনির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও রিসিভ না করায় জানা সম্ভব হয়নি।
পরে কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. অহিদুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভুক্তভোগীর কোনো ছবি বা পরিচয় প্রকাশ করা আইন পরিপন্থী এবং অত্যন্ত সংবেদনশীল বিষয়। থানার ফেসবুক পেজে ছবি প্রকাশ করা ঠিক হয়নি। বিষয়টি নিয়ে ওসির সঙ্গে কথা বলা হবে। তার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ রয়েছে, সেগুলোও খতিয়ে দেখা হবে।
অন্যদিকে লিখিত নোটিশে ৫টি দাবিও জানানো হয়েছে। দাবিগুলোর মধ্যে রয়েছে; ঘটনার বিষয়ে অবিলম্বে একটি নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করতে হবে। তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে চকরিয়া থানার ওসি এবং সংশ্লিষ্ট দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভিকটিমের ছবি, পরিচয় বা পরিচয় শনাক্ত করা যায় এমন সব তথ্য অবিলম্বে অপসারণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে বাংলাদেশ পুলিশের সব ইউনিট ও সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালনাকারী কর্মকর্তাদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা জারি করতে হবে। এই নোটিশ প্রাপ্তির ৪৮ ঘণ্টার মধ্যে গৃহীত পদক্ষেপ সম্পর্কে লিখিতভাবে অবহিত করতে হবে।
নোটিশে সতর্ক করে উল্লেখ করা হয়, নির্ধারিত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে জনস্বার্থে এবং আইন ও সংবিধান প্রদত্ত অধিকার বলে হাইকোর্টে রিট করা হবে।