ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। বনগাঁও সীমান্ত এলাকা থেকে তাকে ও তার সহযোগী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের গণমাধ্যম।

তথ্যমতে, গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় মোটরসাইকেলে করে আসা হেলমেট পরিহিত দুর্বৃত্তরা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করে। এতে তিনি গুরুতর আহত হন। তদন্তকারীদের মতে, হামলাকারীদের মধ্যে একজন ছিলেন ফয়সাল করিম মাসুদ।

ঘটনার পর তাকে গ্রেপ্তারে সহায়তার জন্য অন্তর্বর্তী সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল।এর আগে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ফয়সাল করিম মাসুদ, তার প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটি লিমিটেড এবং তার পরিবারের সদস্যদের সব ব্যাংক হিসাব জব্দ করা হয়।

সিআইসির এক কর্মকর্তা জানিয়েছিলেন, হামলার পেছনে কোনো ধরনের অর্থায়ন ছিল কি না তা খতিয়ে দেখতে তদন্ত চলাকালে সম্ভাব্য অর্থ স্থানান্তর বা গোপন করা ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে, হাদিকে গুলি করার ঘটনার তদন্ত এখনো আইনশৃঙ্খলা বাহিনী চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আর্থিক গোয়েন্দা সংস্থাও এ মামলার সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য আর্থিক লেনদেন ও যোগসূত্র খতিয়ে দেখছে।