নড়াইলে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরকারকে ট্রাক চাপা দিয়ে হত্যার ঘটনায় ঘাতক গাড়ি চালক সুজাত আলীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার দুপুর ৪ টায় যশোরের বাঘারপাড়া থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৬ এর সদস্যরা।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-৬ এর কম্পানিকমান্ডার মেজর এটিএম ফজলে রাব্বি প্রিন্স মানবজমিন’কে বলেন, নড়াইলে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরকারকে ট্রাক চাপা দিয়ে হত্যার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। এরই ধারাবাহিকতায় রোববার যশোর থেকে তাকে আটক করা হয়েছে। মেজর প্রিন্স বলেন, আটকের পর ট্রাক চালক সুজাত আলী এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে আমাদেরকে জানিয়েছে- তার বাড়ি নড়াইলেই। শনিবার সন্ধ্যায় সুজাত আলী তার ট্রাকের জন্য জ্বালানি নিতে নড়াইলের ওই তানভীর ফিলিং স্টেশনে যান। ওইসময় অন্যান্য সকলকে তেল দিলেও দীর্ঘক্ষণ অপেক্ষার পরও তাকে তেল দিতে চায় না ফিলিং স্টেশন কর্তৃপক্ষ। একপর্যায়ে তার সঙ্গে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরকারের কথাকাটাকাটি হয়।
এরপর সন্ধ্যা ৬টা থেকে রাত ২টা পর্যন্ত তানভীর ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করে সে। সে মনে মনে ঠিক করে ট্রাক চাপা দিয়ে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরকারকে সে হত্যা করবে। ঠিক সেই মতেই রাত ২টার দিকে যখন কাজ শেষ করে ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরকার তার বাড়ি যাচ্ছিলেন, তখন ট্রাক চালিয়ে তার গায়ের ওপর উঠিয়ে দেয় সুজাত আলী। এরপর সে যশোরের বেনাপোলে চলে যায়। বেনাপোলে হত্যাকাণ্ডে ব্যবহৃত ট্রাকটি গোপন করে সুজাত আলী তার শ্বশুর বাড়ি যশোরের বাঘারপাড়ায় চলে যান। সেখানেই আত্মগোপনে ছিলেন তিনি। সেখান থেকেই রোববার অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হবে।
এদিকে এ হত্যাকাণ্ডের বিচার দাবিতে নড়াইলের সব ফিলিং স্টেশন তেল বিক্রি বন্ধ রেখেছে ।