গাজীপুর মহানগরে সাইবার স্পেসে অনলাইন ক্যাসিনো জুয়া পরিচালনার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে তিনটি মোবাইল ফোন, ছয়টি সিম কার্ড এবং বিভিন্ন অনলাইন জুয়ার ওয়েবসাইটের তথ্য উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩ জুন) গাজীপুর মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২ জুন সন্ধ্যা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই (নিঃ) মোঃ আবু বকর সিদ্দিক এবং এএসআই (নিঃ) বেলাল হোসেনের নেতৃত্বে সদর থানার টেক কাথোরা (মৈশান বাড়ী) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে টেক কাথোরা এলাকার বাসিন্দা মোঃ আতিকুর রহমান (২৭) কে তার বসতবাড়ির একটি কক্ষ থেকে আটক করা হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, তিনি মোবাইল ফোন ব্যবহার করে অবৈধভাবে অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রম পরিচালনার সঙ্গে জড়িত ছিলেন।

পরে তার দেহ ও ব্যবহৃত ডিভাইস তল্লাশি করে তিনটি মোবাইল ফোন এবং ছয়টি সিম কার্ড উদ্ধার করা হয়। জব্দকৃত মোবাইল ফোনে অনলাইন জুয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের লিংক ও সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, জব্দ করা ডিজিটাল ডিভাইসগুলো পরীক্ষা-নিরীক্ষা করে এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিসহ পলাতক ও অজ্ঞাতনামা অন্যান্য জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া, সাইবার অপরাধ এবং অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে গাজীপুর মহানগরে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।