স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
পুলিশের দ্রুত তৎপরতায় ডাকাতির ঘটনার প্রায় আধা ঘণ্টার মধ্যেই ট্রাকসহ লুণ্ঠিত ১৯টি গরু উদ্ধার করা হয়েছে। তবে এ সময় ডাকাত দলের সদস্যরা ট্রাক ফেলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার (১১ মার্চ) রাত আনুমানিক আড়াইটার দিকে বিভিন্ন মাধ্যমে খবর পাওয়া যায় যে, ময়মনসিংহ জেলার ভালুকা থানার হাইওয়ে এলাকা থেকে অজ্ঞাতনামা ডাকাত সদস্যরা একটি ট্রাকসহ ১৯টি গরু ডাকাতি করে নিয়ে যাচ্ছে। এ সময় ট্রাকের ড্রাইভার, হেলপার, গরুর রাখাল ও মালিকদের হাত-পা বেঁধে ভালুকার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় ফেলে রেখে যায় ডাকাতরা।
সংবাদ পেয়ে গাজীপুর সদর থানা পুলিশের টহল দল দ্রুত হাইওয়ে সড়কে চেকপোস্ট বসায়। কিছুক্ষণ পর ঢাকাগামী সড়ক দিয়ে সন্দেহভাজন ট্রাকটি আসতে দেখলে পুলিশ সিগন্যাল দিয়ে থামার নির্দেশ দেয়। তবে ডাকাত সদস্যরা পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত গতিতে ট্রাকটি নিয়ে পালানোর চেষ্টা করে।
এ সময় সদর থানা পুলিশের নাইট টহল দলের সদস্যরা বেতার যন্ত্রের মাধ্যমে অন্য টহল দলকে বিষয়টি জানিয়ে ট্রাকটির পিছু ধাওয়া শুরু করেন। পরে আরেকটি টহল দল ফরেস্ট অফিসের সামনে ট্রাকটিকে থামার সিগন্যাল দিলে বুধবার রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে ডাকাত সদস্যরা ট্রাকটি রাস্তার পাশে ফেলে অন্ধকারের মধ্যে পালিয়ে যায়।
পরে পুলিশ ট্রাকটি উদ্ধার করে এবং ট্রাকে থাকা ১৯টি গরুসহ গাড়িটি গরু মালিকদের বুঝিয়ে দেয়। উদ্ধার হওয়া ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-ড-১১-৪৭৮৪ বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম জানান,ডাকাত দলের সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।