রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় স্বামী-স্ত্রীর পারিবারিক বিরোধ মীমাংসার নামে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৯নং দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের ৬নং ওয়ার্ডের বাসিন্দা এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে এ অভিযোগ ওঠে।

ভুক্তভোগীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, স্বামীর সঙ্গে পারিবারিক কলহ চলাকালে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বিষয়টি মীমাংসার কথা বলে তাকে নিজের বাড়িতে ডেকে নেয়। পরে সুযোগ বুঝে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী নারী পরবর্তীতে রায়পুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি নিজের নিরাপত্তা নিশ্চিতসহ অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

ভুক্তভোগীর স্বামী জানান, বিষয়টি জানার পর তিনি অভিযুক্তের সঙ্গে কথা বললে তাকে বিভিন্নভাবে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জাহাঙ্গীর আলমের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।