নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকার চানমারী মাউড়াপট্টিতে নাছির (৬০) নামে এক ডিশ লাইন ও ক্যাবল ব্যবসায়ীকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে “ফ্রেন্ডস ক্যাবল” অফিসে এ হত্যাকা-ের ঘটনা ঘটে। নিহত নাছির চানমারী মাউড়াপট্টি এলাকার মৃত সাইজ্জদিনের ছেলে। তিনি “ফ্রেন্ডস ক্যাবল” নামে একটি ডিশ ও ক্যাবল ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করতেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পাশ্ববর্তী একটি বাড়ির ভেতর থেকে কালো হাতলযুক্ত রক্তমাখা একটি ছুরি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো নাছির তার ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। দুপুরে হঠাৎ তার চিৎকার শুনে এগিয়ে এসে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে খানপুরে নারায়ণগঞ্জ ৩ শ’ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মাহাবুব আলম জানান, হত্যাকা-ে ব্যবহৃত কভারসহ একটি ছুরি উদ্ধার করা হয়েছে। হত্যার কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্তে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।