স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
টঙ্গী পূর্ব থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৫ ফেব্রুয়ারি) টঙ্গী থেকে কালীগঞ্জগামী আঞ্চলিক সড়কের আমতলী এলাকার রিদুয়ান ট্রেডার্স (রড-সিমেন্টের দোকান) সংলগ্ন পাকা সড়কে একটি পিকআপ ভ্যান তল্লাশি করে এই মাদক উদ্ধার করা হয়।
অভিযান পরিচালনা করেন টঙ্গী পূর্ব থানার এএসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় ফোর্সসহ। তল্লাশিকালে পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ন-২১-৬২৬৭) থেকে ড্রাইভার নোয়াখালীর বেগমগঞ্জ থানার অন্তরামপুর গ্রামের রাজ্জাক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২০) ও হেলপার কুমিল্লার চৌদ্দগ্রাম থানার কোমরডোগা পূর্বপাড়া এলাকার মৃত বাচ্চু মিয়ার ছেলে মোঃ জহিরুল ইসলাম (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ৪ কেজি গাঁজা।
পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক পরিবহনের সঙ্গে জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে গাজীপুর মহানগরীতে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে চলতি বছরে এখন পর্যন্ত মোট ২৩ জনকে বিভিন্ন মাদক মামলায় গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।