স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার রাত সাড়ে দশটার দিকে দেশ ছাড়ার প্রাক্কালে তাকে আটক করা হয়। পরে মধ্যরাতে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্র জানায়, বিল্লাল হোসেন মোল্লার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তিনি টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোডের বাসিন্দা মমিন মোল্লার ছেলে এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৫৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে থাকা এই নেতাকে গ্রেপ্তারের মধ্য দিয়ে এলাকায় আলোচিত একাধিক মামলার তদন্ত প্রক্রিয়ায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুলিশ আরও জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের সময় তিনি আত্মগোপনে ছিলেন। দীর্ঘদিন নজরদারির পর রোববার রাতে বিদেশে পালানোর চেষ্টা কালে তাকে শনাক্ত করে আটক করা হয়।
সূত্র মতে, তিনি ওই রাতে ঢাকা থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী Malaysia Airlines-এর এমএইচ-১৯৭ ফ্লাইটে দেশ ছাড়তে যাচ্ছিলেন। ইমিগ্রেশন চেকপোস্টে যাচাই-বাছাইয়ের সময় তার বিরুদ্ধে থাকা একাধিক মামলার তথ্য উঠে আসলে তাৎক্ষণিকভাবে তাকে গ্রেপ্তার করা হয়।
টঙ্গী পশ্চিম থানার ওসি শাহীন খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিকে থানায় আনা হয়েছে এবং সংশ্লিষ্ট মামলাগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।