নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতি করতে গিয়ে দেশীয় অস্ত্রসহ ফারুক নামে এক ব্যক্তিকে আটক করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার ১ নম্বর সিরাজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

আটককৃত ওমর ফারুক বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার বাসিন্দা এন্তাজ মিয়ার বাড়ির ফিরোজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি বসুরহাট পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী।

জানা যায়, বৃহস্পতিবার ভোর ৪টার দিকে কবিরাজ বাড়ির সামনে সুমন নামের এক ব্যক্তির বসতঘরে ডাকাতির চেষ্টা চালানো হয়। এ সময় সন্দেহজনকভাবে ঘরে প্রবেশ করলে বাড়ির লোকজন দেখতে পেয়ে চিৎকার দেন। তখন আশপাশের লোকজন ছুটে এসে ফারুককে অস্ত্রসহ হাতেনাতে আটক করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়। তার কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। এ সময় তার সঙ্গে থাকা অন্য তিনজন সহযোগী পালিয়ে যায়।

কোম্পানীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল বলেন, ওমর ফারুক কখনোই যুবদল করেনি। তাকে আমরা চিনি না। কেউ দলের নাম ভাঙ্গিয়ে অপকর্ম করলে তার দায়ভার দল নিবে না।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ডাকাতির চেষ্টার স্থানীয়রা সুমনকে আটক করে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।