গাজীপুর মহানগরীর বাসন থানাধীন দিঘীরচালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় তাদের হেফাজত থেকে একটি চাপাতি, একটি ছুরি এবং দুটি চাকুসহ মোট চারটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাসন থানার এসআই (নিঃ) ইদ্রিস আলীর নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল দিঘীরচালা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় অস্ত্রধারী কয়েকজন ব্যক্তি অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার নাইমুড়ী গ্রামের জয়নাল আবেদীনের ছেলে মোঃ আহাদ জয় (২০), শেরপুর জেলার ঝিনাইগাঁতী থানার নাচনমহুরী গ্রামের ওসমান গণির ছেলে মোঃ আব্দুল মান্নান (৩০), গাজীপুর মহানগরের বাসন থানার বারবৈকা এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে মোঃ আব্দুর রহিম (৩৫) এবং ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া থানার ভবানীপুর পূর্বপাড়া এলাকার নুর মোহাম্মদের ছেলে মোঃ সাকিব (২৬)। তারা বর্তমানে গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পরে তাদের দেহ তল্লাশি করে একটি ছুরি, একটি চাপাতি এবং দুটি চাকু উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রগুলো জব্দ করে থানায় নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তারা কোনো সংঘবদ্ধ অপরাধী চক্রের সঙ্গে জড়িত কি না এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো কোন উদ্দেশ্যে বহন করা হচ্ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

তদন্তে আরও জানা গেছে, গ্রেফতারকৃত আহাদ জয়ের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির তিনটি মামলা রয়েছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির দুটি মামলা এবং বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা রয়েছে। এছাড়া আব্দুর রহিমের বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মহানগর এলাকায় অপরাধ নিয়ন্ত্রণ, সন্ত্রাস ও ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হবে।