শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে সখিনা বেগম (৫০) নামে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার পয়লা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের স্বামী সাইফুল ইসলাম ও তার তৃতীয় স্ত্রী সাবিনার বিরুদ্ধে সখিনাকে শারীরিক নির্যাতনের পর মাথার চুল কেটে এবং শরবতের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে হত্যা করার অভিযোগ এনেছেন নিহতের মেয়ে যূথী আক্তার। নিহতের স্বামী ও সতিনকে আটক করেছে পুলিশ।

নিহতের মেয়ে যূথী আক্তার জানান, সোমবার রাতে তাঁর মাকে বাবা ও সৎমা মিলে মারধর করে ও চুল কেটে দেয়। মঙ্গলবার সকালে শরবতের সঙ্গে বিষ মিশিয়ে মাকে খাইয়ে দেয়। অসুস্থ মাকে হাসপাতালে নেওয়া পথে মারা যান তিনি। এ ঘটনায় বাবা ও সৎমায়ের উপযুক্ত বিচার চান যূথী আক্তার।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। লাশ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামী সাইফুল ও সতিন সাবিনাকে আটক করা হয়েছে। এই ঘটনায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।