চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত এক স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাদের কাছ থেকে মোট ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সোমবার (৮ জুন) সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জের পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে রহনপুর পৌর এলাকার নুনগোলা কেডিসি পাড়ার বাসিন্দা মোসা. সাজেদা বেগম (৪৭) ও তার স্বামী মো. আব্দুস সাত্তার (৭০)-কে আটক করা হয়।
অভিযানকালে সাজেদা বেগমের কাছ থেকে ৭০ গ্রাম এবং আব্দুস সাত্তারের কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গ্রেফতার হওয়া এই দম্পতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, আব্দুস সাত্তারের বিরুদ্ধে পূর্বে ৯টি এবং সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি মাদকসংক্রান্ত মামলা রয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দাখিল করলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে সালমা রুমা মো. আব্দুস সাত্তারকে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির মুন্সি মোসা. সাজেদা বেগমকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড দেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে জেলার বিভিন্ন এলাকায় নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমও চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।