পলাশবাড়ী সংবাদদাতা

গাইবান্ধার পলাশবাড়ীতে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনী প্রচারণাকালে উপর্যুপরি সন্ত্রাসী হামলায় ছাত্রশিবিরের ৫ জন কর্মী আহত হয়েছেন। এর মধ্যে ২ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে গাইবান্ধা-৩ (পলাশবাড়ীসাদুল্যাপুর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু’র দ্্্্াঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ চলাকালে পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের আমলাগাছি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীদের বরাতে জানা যায়, গাইবান্ধা জেলা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি শাওন সরকারের নেতৃত্বে কয়েকজন শিবির কর্মী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষ স্থানীয় স্বেচ্ছাসেবক দলের কর্মী প্লাবন সরকার লিটনের নেতৃত্বে সশস্ত্র একদল সন্ত্রাসী পরিকল্পিতভাবে তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলায় মহদীপুর ইউনিয়ন ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক নিশাতসহ লিওন, সিফাত, শাহরিয়ার ও ইমন নামের ৫ শিবির কর্মী আহত হন।

আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সন্ধ্যায় হাসপাতাল গেটের সামনে পুনরায় প্লাবন সরকার লিটনের নেতৃত্বে তাদের পথরোধ করা হয়। প্রাণভয়ে আহতরা হাসপাতালের পাশ্ববর্তী একটি চায়ের দোকানে আশ্রয় নেন। ভুক্তভোগীদের অভিযোগ, এ সময় প্লাবন সরকার লিটন প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বের করে গুলী চালানোর চেষ্টা করে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে স্থানীয় জনগণ তাৎক্ষণিকভাবে প্লাবন সরকার লিটনকে তার দুই সহযোগীসহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

অভিযোগ উঠেছে, নির্বাচনী মাঠে প্রতিপক্ষকে দমন করতে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও সহিংসতা চালানো হয়েছে, যা নির্বাচন কমিশনের আচরণবিধি ও দেশের প্রচলিত আইন লঙ্ঘনের শামিল।

সচেতন মহল মনে করছে, এ ধরনের ধারাবাহিক হামলার রাজনৈতিক দায় এড়ানোর সুযোগ নেই। তারা দ্রুত দোষীদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এদিকে ঘটনার সঙ্গে স্বেচ্ছাসেবক দলের সম্পৃক্ততা অস্বীকার করেছেন পলাশবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মমিন। তিনি দাবি করেন, হামলার সঙ্গে স্বেচ্ছাসেবক দলের কোনো সংশ্লিষ্টতা নেই এবং অভিযুক্ত প্লাবন সরকার লিটন তাদের কর্মী নন। এ রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানা সূত্রে জানা গেছে।

শিশির মনিরের প্রচার গাড়ি ভাঙচুর

সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জে-২ আসনে (দিরাই-শাল্লা) জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনিরের নির্বাচনী প্রচার গাড়িতে হামলা ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে।

গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বরাম হাওরে দিরাই ধল রোডের কাদিরপুর গ্রাম সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গাড়ি চালক তামিম মিয়া (২৩) ও সেলিম মিয়া (৩৮) নামে দুজন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর লোকজন অকুস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সুনামগঞ্জ-২ দিরাই-শাল্লা আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট মোহাম্মদ শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকের প্রচারের জন্য একটি গাড়ি প্রতিদিন সন্ধ্যার পর বিভিন্ন জায়গায় এল ই ডির মাধ্যমে নির্বাচনী এলাকায় ঘুরতে থাকে। প্রতিদিনের প্রচারের অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দিরাই উপজেলার তাড়ল ইউনিয়নের ধল বাজারে প্রচারণা চালায়। কিছুক্ষণ পর ধানের শীষের সমর্থনে একটি মিছিল আসে। এসময় মিছিলকারীরা প্রচার গাড়ির কাছে আসলে নানানরকম স্লোগান দেয়। একপর্যায়ে প্রচারের সাউন্ড কমিয়ে দেয়া হয়। কিন্তু মিছিলকারীরা ভয়ভীতি দেখিয়ে প্রচার কাজ বন্ধ করে চলে যেতে বলে। পরে প্রচারকাজ বন্ধ করে গাড়িটি দিরাই শহরে চলে আসার পথে বরাম হাওরের কাদিরপুর সংলগ্ন এলাকায় আসলে পিছন দিক থেকে কয়েকটি মোটরসাইকেলযোগে ১০-১২ জন লোক এসে গাড়ীটিতে হামলা ও ভাঙচুর করে।

দিরাই থানা অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, হামলার ভাঙচুরের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।