চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত আবুল খায়ের স্টিল লিমিটেড কারখানায় সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে কারখানা কর্তৃপক্ষ।

জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি সংঘবদ্ধ দল কারখানার দক্ষিণ পাশ দিয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করে। তাদের উদ্দেশ্য ছিল লুটপাট। এ সময় দায়িত্বরত নিরাপত্তাকর্মী, আনসার সদস্য ও কর্মচারীরা দ্রুত বাধা দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

প্রাথমিক প্রতিরোধের মুখে হামলাকারীরা দক্ষিণ পাশ থেকে সরে গিয়ে পাশের রেললাইনের দিকে অবস্থান নেয় এবং সেখান থেকে কারখানার ভেতরে পাথর নিক্ষেপ করতে থাকে। পরে তারা প্রধান ফটকের দিকে এগিয়ে গিয়ে নিরাপত্তা গেইট, অফিস কক্ষসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায় বলে অভিযোগ রয়েছে।

কারখানার ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরুল কাদের ভূঁইয়া জানান, হামলার ঘটনায় অন্তত চারজন কর্মচারী আহত হয়েছেন। খবর পেয়ে স্থানীয় গ্রামবাসীরাও এগিয়ে এসে প্রতিরোধে সহায়তা করেন। একপর্যায়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। তিনি আরও বলেন, এর আগেও একই চক্র কারখানায় হামলা চালিয়ে মালামাল লুটের ঘটনা ঘটিয়েছে।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। সীতাকু- মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনুল ইসলাম জানান, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ১০ জনের নাম উল্লেখ করে মামলা নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং কারখানায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।