জ্বালানি তেলের অবৈধ মজুতদারি রোধ ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে সারা দেশে অভিযান চালিয়ে ৪২ হাজার ৭১০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৩৩৩টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ৪১ হাজার ৭০০ লিটার ডিজেল এবং ১ হাজার ১০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়েছে।
এছাড়া, ১০৭টি মামলা দায়ের করা হয় এবং ২ জনকে ১৪ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের পরিচালিত এই অভিযানে ৪ লাখ ৩৪ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানায়, জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছেন বলেও জানানো হয়।
কোথাও অনিয়ম লক্ষ্য করা গেলে বা সন্দেহজনক কার্যক্রম সম্পর্কে তথ্য পেলে ভিজিলেন্স টিমের নির্ধারিত নম্বরে যোগাযোগ করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।