আজ শুক্রবার ২০শে ফেব্রুয়ারি। এদিনটি বায়ান্নর ভাষা আন্দোলনের টার্নিং পয়েন্ট ছিলো। এ দিন আন্দোলনের সামনে নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় ১৪৪ ধারা। আজকের দিনে বাংলা ভাষাভাষীসহ বিশ্বব্যাপী উন্মুখ অধীরতায় অপেক্ষমাণ অমর একুশে তথা মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করতে। শহীদ মিনারগুলো ধুয়েমুছে প্রস্তুত করে তোলা হচ্ছে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ অনেক স্থানে অস্থায়ী স্মৃতির মিনার নির্মাণ করা হচ্ছে। এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন অমর একুশে উদযাপনে বিস্তারিত কর্মসূচি নিয়েছে।

উইকিপিডিয়ার তথ্য মতে, ২০শে ফেব্রুয়ারি সরকার স্থানীয় প্রশাসনের মাধ্যমে ২১শে ফেব্রুয়ারি থেকে ঢাকায় এক মাসের জন্য সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন হলে সভা করে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়। ২০ ফেব্রুয়ারি রাতে ৯৪, নবাবপুর রোডস্থ আওয়ামী মুসলিম লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আবুল হাশিমের সভাপতিত্বে সর্বদলীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদের সভা অনুষ্ঠিত হয়। পরিষদের কিছু সদস্য নিষেধাজ্ঞা অমান্য করার পক্ষে থাকলেও, সবশেষে ১৪৪ ধারা ভঙ্গ না করার সিদ্ধান্ত নেয়া হয়। ২০শে ফেব্রুয়ারি রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে একই বিষয় নিয়ে পৃথক পৃথক সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যায় সলিমুল্লাহ হলে ফকির শাহাবুদ্দীনের সভাপতিত্বে ১৪৪ ধারা ভঙ্গের সিদ্ধান্ত নেয়া হয়। ফজলুল হক মুসলিম হলে অনুষ্ঠিত সভায় নেতৃত্ব দেন আবদুল মোমিন। শাহাবুদ্দিন আহমদের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদকে এই সিদ্ধান্তটি জানিয়ে দেয়ার দায়িত্ব নেন আবদুল মোমিন এবং শামসুল আলম।

একুশের দাবি দিবসকে সামনে রেখে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বানে দল-মত নির্বিশেষে সংগঠিত হতে থাকে। চোখেমুখে সকলের প্রতিবাদের, দ্রোহের অগ্নিঝিলিক। তাদের একমাত্র দাবি ছিলো- ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’। বলাবাহুল্য, ভাষা-আন্দোলনের ঘটনা প্রবাহে ব্যক্তি প্রিন্সিপাল আবুল কাসেম, অধ্যাপক আবদুল গফুর, অধ্যাপক ড. এএসএম নূরুল হক ভূঁইয়া প্রমুখের নামের সাথে সাথে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের জিএস গোলাম আযম (পরবর্তীতে জামায়াতে ইসলামীর আমীর), ডা. গোলাম মাওলা প্রমুখের অবদানও অনস্বীকার্য। একইভাবে এই আন্দোলনকে গতিশীল ও ফলপ্রসূূ করতে তমদ্দুন মজলিস, পূর্ব-পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, পূর্ব-পাকিস্তান যুবলীগ, আওয়ামী মুসলিম লীগ, গণআজাদী লীগ, পূর্ব-পাকিস্তান রেলওয়ে এমপ্লয়ীজ লীগ ইত্যাদি সংগঠনের সাথে সাথে পূর্ব-পাকিস্তান ফেডারেশন অব লেবার, রিকশা ইউনিয়ন, পূর্ববঙ্গ কর্মশিবির, ইসলামী ভ্রাতৃসংঘ, নিখিল পূর্ব-পাকিস্তান মুসলিম ছাত্রলীগ, মজদুর ফেডারেশন, পূর্ব-পাকিস্তান মোহাজের সমিতি ইত্যাদির অবদানও স্মরণীয় হয়ে থাকবে।

তৎকালীন পাকিস্তানের গবর্নর জেনারেল খাজা নাজিমুদ্দীন ‘উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’ এই ধরনের পুনর্বক্তব্যের প্রেক্ষিতে এ অঞ্চলের মানুষের মধ্যে তীব্র রোষ দেখা দেয়। ১৯৫২ সালের ৩০শে জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিল ও সমাবেশেই নেতৃবৃন্দ ৪ঠা ফেব্রুয়ারি ঢাকা শহরের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট এবং ২১শে ফেব্রুয়ারি দাবি দিবস পালনের কর্মসূচি দেয়া হয়। ফেব্রুয়ারির ২১ তারিখে তৎকালীন পূর্ব-পাকিস্তান আইন সভায় অধিবেশন বসার কথা ছিলো বিধায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। সেই কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হয়। একুশের দাবি দিবসকে কেন্দ্র করে জনমনে যে ব্যাপক সাড়া পড়েছিলো সরকার তা আঁচ করতে পেরেই ২০শে ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টায় ক্রমাগত এক মাসের জন্য ঢাকা শহরের সর্বত্র হরতাল, সভা-মিছিল নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে। মাইকযোগে ১৪৪ ধারা জারির সাথে সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা খুব উত্তেজিত হয়ে উঠে।

সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে কী ভূমিকা নেয়া যায় এই ব্যাপারে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ জরুরি ভিত্তিতে সেদিন সভা ডাকে। সভায় ১৪৪ ধারা না ভাঙার পক্ষে বেশির ভাগ প্রতিনিধি মত প্রকাশ করেন। কারণ হিসেবে তারা বলেন, আমরা যদি ১৪৪ ধারা ভঙ্গ করি তাহলে দেশে ত্রাসের রাজত্ব সৃষ্টি করে সরকার জরুরি অবস্থার অজুহাতে সাধারণ নির্বাচন বন্ধ করে দিতে পারে। আমরা সরকারকে সেই সুযোগ দিতে চাই না। কিন্তু সংগ্রামী ছাত্রসমাজের অপর অংশ ১৪৪ ধারা ভঙ্গ করার পক্ষে রায় দেন। তারা বলেন, বাস্তব অবস্থা ১৪৪ ধারা ভঙ্গের অনুকূলে।

১৪৪ ধারা ভঙ্গের পক্ষে-বিপক্ষে জোরালো বক্তব্য থাকলেও ২০শে ফেব্রুয়ারি শীতার্ত রাতেই বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদের নেতাকর্মীদের তৎপরতায় ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় আমতলায় ছাত্রসভা এবং ১৪৪ ধারা ভঙ্গ করার ব্যবস্থা নেয়া হয়। তার পরের ঘটনা তো সবারই কমবেশি জানা। সত্যি বলতে কী, বায়ান্নর ২০শে ফেব্রুয়ারি পূর্ব বাংলার রাজনৈতিক ইতিহাসে একটি বিশেষ দিন হিসেবে চিহ্নিত হয়ে আছে এবং থাকবে। এদিনেই রাষ্ট্রভাষা আন্দোলনের ভবিষ্যৎ গতিধারা নির্ধারিত হয়।