বাগেরহাট-২ (সদর-কচুয়া) আসনে বিএনপি প্রার্থীর কর্মী-সমর্থকদের সঙ্গে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত স্বতন্ত্র প্রার্থীর (বিএনপি বিদ্রোহী) সমর্থক ওসমান সরদার (২৯) মারা গেছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ছিটাবাড়ি গ্রামে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ওসমান সরদারসহ উভয় পক্ষের ১০ জন আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে ওসমান মারা যান।
নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেওয়া এম এ এইচ সেলিমের সমর্থক ছিলেন ওসমান।
ওসমানের বড় ভাই এনামুল কবির সরদার বলেন, শুক্রবার সন্ধ্যায় ধানের শীষের লোকজন সশস্ত্র অবস্থায় ছিটাবাড়ি গ্রামে এসে ঘোড়ার লোকজন কই গেল বলে খোঁজ করছিল।
এ সময় ওসমানসহ কয়েকজনের সঙ্গে তাদের কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে রামদা দিয়ে ওসমানের মাথায় আঘাত করে ধানের শীষের লোকজন। গুরুতর অবস্থায় তাকে বাগেরহাট সদর হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা তাকে খুলনায় পাঠান। শনিবার বেলা সাড়ে ১১টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, ওসমান সরদারের মৃত্যুর খবর শুনেছি। ওই এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। সংঘর্ষের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ শুরু হয়েছে।