গাজীপুরের কালিয়াকৈরে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উন্নয়ন এবং দরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগের সূচনা হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত এই এলাকায় খাল খনন প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে বাস্তবায়ন করছে সরকার।

জেলা প্রশাসক গাজীপুর মোঃ নূরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতাধীন অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের অধীনে এই খাল পুনঃখনন কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রতনপুর রেলব্রীজ হতে সুরিচালা ও মকসবিল হতে তুরাগ নদী পর্যন্ত এবং ফুলবাড়িয়া এলাকায় গোয়ালিয়া নদী থেকে শিমুলিয়াপাড়া পর্যন্ত খাল পুনঃখননের কাজের আনুষ্ঠানিক সূচনা করা হয়। সংশ্লিষ্টরা জানান, এসব খাল পুনঃখননের মাধ্যমে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, জলাবদ্ধতা কমবে এবং স্থানীয় কৃষি উৎপাদনে ইতিবাচক প্রভাব পড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও এলএ) মোঃ সোহেল রানা, উপজেলা নির্বাহী অফিসার কালিয়াকৈর মোঃ এ এইচ এম ফখরুল হোসাইন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফাহিম শাহরিয়ার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আওলাদ হোসেনসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।