ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরে রাজশাহী, চট্টগ্রাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ আর ছয়টি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ওবায়দুল ইসলামকে এবং ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রো-ভিসি মামুন আহমেদকে ইউজিসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি হচ্ছেন অধ্যাপক মো. ফরিদুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি বিশ্ববিদ্যালয়টির ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক রইস উদ্দিন। এ ছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ছিদ্দিকুর রহমান খান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রো-ভিসি অধ্যাপক মো. নুরুল ইসলামকে সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ের ভিসি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নতুন ভিসি অধ্যাপক মো. মাসউদ আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে অধ্যাপক মো. আল ফোরকানকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, শিগগিরই এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ওবায়দুল ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান ভিসি অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক। আর বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক মামুন আহমেদ। গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

এদিকে এর আগে ইউজিসি চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন অধ্যাপক এস এম এ ফায়েজ। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে কমিশনের চেয়ারম্যানের পদের দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন আবেদনে। গতকাল সোমবার (১৬ মার্চ ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কাছে তিনি এ আবেদন পাঠান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসির পদ থেকে অব্যাহতি চেয়ে গত ২২ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন নিয়াজ আহমদ খান। ওই দিন ঢাবির জনসংযোগ দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নিয়াজ আহমদ খান আজ সকালে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সাক্ষাৎ করেন। নিয়াজ আহমদ খান ঢাবির ভিসির পদ থেকে অব্যাহতি চেয়ে তার মূল পদে (উন্নয়ন অধ্যয়ন বিভাগের গ্রেড-১ অধ্যাপক) ফেরার জন্য রাষ্ট্রপতি বরাবর আবেদনপত্র জমা দেন। ১০ ফেব্রুয়ারি এক বিশেষ সংবাদ সম্মেলনে দেওয়া বক্তব্যের ধারাবাহিকতায় ঢাবির ভিসির পদ থেকে অব্যাহতি চেয়ে নিয়াজ আহমদ খান আবেদনপত্র জমা দিয়েছেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। আগস্টের শেষের দিকে নিয়াজ আহমদ খান ঢাবির ভিসির দায়িত্ব নিয়েছিলেন।