শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার ১৬ মার্চ রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩ এর ১২ ধারা অনুযায়ী প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভিসি পদে নিয়োগ প্রদান করা হয়েছে। নবনিযুক্ত মাননীয় ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) বিকাল ৪.৩০টায় চবি ভিসি দপ্তরে উপাচার্য পদে যোগদান করেন। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নবনিযুক্ত ভিসি যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, এ বিশ্ববিদ্যালয় নিয়ে আমার প্লান রয়েছে। এ প্লান বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর সহযোগিতা কামনা করেন তিনি। তিনি বলেন, আমার বিশ্বাস আপনাদের সকলের ঐকান্তিক সহযোগিতা পেলে এ বিশ্ববিদ্যালয় অনন্য উচ্চতায় পৌঁছে যাবে এবং আমার ভিশন, মিশন ও প্লান পূরণ হবে। ভিসি রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও শিক্ষা উপদেষ্টা এবং চট্টগ্রাম-৫ আসনের এমপি ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী এর সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।
এরপর ভিসি অন্যান্যদের নিয়ে ভাষা শহীদদের প্রতি শহীদ মিনারে, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি স্বাধীনতা স্মৃতিস্তম্ভে এবং শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে বুদ্ধিজীবী চত্বরে পূষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এসময় আরও উপস্থিত ছিলেন প্রো-ভিসি (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মোশারফ হোসেন, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), প্রভোস্টবৃন্দ, প্রক্টর, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, চাকসু কেন্দ্রের পরিচালক, বিভিন্ন বিভাগ-ইনস্টিটিউটের সভাপতি/পরিচালকবৃন্দ, সহকারী প্রক্টরবৃন্দ, বিভিন্ন দপ্তরের প্রশাসকবৃন্দ, শিক্ষকবৃন্দ, চবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও জাতীয়তাবাদী পরিবারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন অফিস প্রধানগণ এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।