ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য হিসেবে আগামী চার বছরের জন্য এ দায়িত্ব পালন করবেন।

শুক্রবার (১৫ মে) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পৌঁছিয়ে ভিসি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে ভিসির দায়িত্ব গ্রহণ করেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. এম এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, জিয়া পরিষদের সাধারণ সম্পাদক ড. রফিকুল ইসলাম, ইউট্যাব সভাপতি ড. তোজাম্মেল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত ভিসি মহান মুক্তিযুদ্ধে শহীদ এবং জুলাই অভ্যুত্থানে নিহতদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ইসলামী বিশ্ববিদ্যালয় স্বাধীনতা-উত্তর বাংলাদেশের প্রথম সরকারি বিশ্ববিদ্যালয়, যা ১৯৭৯ সালের ২২ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠা করেছিলেন। বিশ্ববিদ্যালয়টি একটি সুস্পষ্ট আদর্শ ও লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করলেও সময়ের পরিক্রমায় বিভিন্ন কারণে সেই মূল উদ্দেশ্য থেকে বিচ্যুতি ঘটেছে।

আমি চেষ্টা করব বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও ইতিবাচক ধারায় এগিয়ে নিতে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর আন্তরিক সহযোগিতা প্রয়োজন।”

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম ভিসি হিসেবে নিয়োগ পান বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান। তিনি বিশ্ববিদ্যালয়ের ১৪তম ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর স্থলাভিষিক্ত হয়েছেন।