জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধ্যয়নরত চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার দ্বিতীয় তলায় এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশগ্রহণ করেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

সমিতির সভাপতি শাহরিয়ার নাজিম রিয়াদ বলেন, “আমি অত্যন্ত আনন্দিত যে, পবিত্র রমজান মাসে আমরা চট্টগ্রাম জেলার শিক্ষার্থীরা একত্রিত হতে পেরেছি। ইফতার ও দোয়া মাহফিল শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি আমাদের ভ্রাতৃত্ব, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের এক অনন্য বন্ধন। আমি বিশ্বাস করি, এ ধরনের আয়োজন আমাদের মাঝে ঐক্যকে আরও সুদৃঢ় করবে এবং নবীন শিক্ষার্থীদের জন্য একটি সুন্দর ও সহযোগিতামূলক পরিবেশ তৈরি করবে। আমি সকল সদস্য, সাবেক শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সময় দিয়ে আমাদের এই আয়োজনকে সফল করেছেন। ভবিষ্যতেও আমি চাই, আমরা একসাথে থেকে সংগঠনকে আরও গতিশীল ও শিক্ষার্থীবান্ধব করে তুলবো।”
উল্লেখ্য, চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতি ক্যাম্পাসে নিয়মিত বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রোগ্রাম আয়োজন করে থাকে। এছাড়া, সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তা এবং ক্যাম্পাসে অধ্যয়নরত জেলার শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করে আসছে।