‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে আজ শুক্রবার (২৭ মার্চ) থেকে শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসিটি) পদ্ধতিতে ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। এ শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয় গুলোতে ভর্তি হতে ২ লাখ ৮৪ হাজার ৪৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
এর মধ্যে ‘এ’ (বিজ্ঞান) ইউনিটে ১ লাখ ৬৬ হাজার ১৬২ জন, ‘বি’ (মানবিক) ইউনিটে ৯৩ হাজার ১০২ এবং ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটে ২৫ হাজার ২১৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। এবার গুচ্ছের ২০টি বিশ্ববিদ্যালয়ে সর্বমোট আসন প্রায় সাড়ে ১৩ হাজার। বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতেই গুচ্ছের ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে।
বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এক ঘণ্টা ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে সি ইউনিটের ভর্তি পরীক্ষা। ২৫ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন এই ইউনিটে ভর্তি পরীক্ষায় অংশ নিতে।
বরাবরের মতো এবারও এমসিকিউ পদ্ধতিতেই গুচ্ছের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৩০। প্রতিটি ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কাটা যাবে। প্রতি চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে।
ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুয়ায়ী, প্রতিটি ইউনিটের ফলাফল জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশ করা হবে। শুধু উত্তীর্ণ পরীক্ষার্থীরাই জিএসটি গুচ্ছভুক্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের শর্তাবলি পূরণ সাপেক্ষে পছন্দের বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদন করতে পারবেন।
পরীক্ষার সময়সূচি –ইউনিট সি (বাণিজ্য): ২৭ মার্চ ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। –ইউনিট বি (মানবিক): ৩ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। –ইউনিট এ (বিজ্ঞান): ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। –আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা: ১০ এপ্রিল ২০২৬ (শুক্রবার), বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
ভর্তি পরীক্ষা উপলক্ষে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য নানা সেবার ব্যবস্থা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো। প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদের সুবিধার্থে হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে। এ ছাড়া অভিভাবকদের জন্য বিশ্রামের ব্যবস্থাও আছে। সার্বিক নিয়মশৃঙ্খলা রক্ষায় নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির পাশাপাশি নিয়োজিত থাকবেন বিএনসিসি, রোভার স্কাউটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
এর আগে গত বছরের ৭ ডিসেম্বর গুচ্ছের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। ১০ ডিসেম্বর ২০২৫ আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে এ বছরের ১৬ জানুয়ারি পর্যন্ত চলে। ভর্তি বিজ্ঞপ্তির তথ্য অনুয়ায়ী, ২০২১, ২০২২ ও ২০২৩ সালের এসএসসি বা সমমান এবং ২০২৪ ও ২০২৫ সালের এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এবার আবেদন করতে পেরেছেন।
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ১. ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া। ২. মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাঙ্গাইল। ৩. পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী। ৪. নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী। ৫. জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ। ৬. যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যশোর। ৭. পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা। ৮. বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর। ৯. গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ। ১০. বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল। ১১. রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাঙামাটি। ১২. রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, সিরাজগঞ্জ। ১৩. ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ, গাজীপুর। ১৪. নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা। ১৫. জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জামালপুর। ১৬. চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর। ১৭. কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ। ১৮. সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ। ১৯. পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর। ২০. নওগাঁ বিশ্ববিদ্যালয়, নওগাঁ।