জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ পবিত্র রমজান মাস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনদের সম্মানে সম্মিলিত ইফতার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা।
আগামীকাল বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রে জানা গেছে, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ আয়োজন সম্পন্ন হবে।
রমজানের তাৎপর্য তুলে ধরা এবং পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি জোরদারের লক্ষ্যেই এ সম্মিলিত ইফতারের আয়োজন করা হয়েছে বলে শাখা শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে। সংশ্লিষ্ট সকলকে নির্ধারিত সময়ে উপস্থিত থেকে ইফতার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
শাখা শিবিরের সেক্রেটারি মাজহারুল ইসলাম বলেন, “আমি মনে করি রমজান আমাদের আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আমরা সেই চেতনা ধারণ করেই বিশ্ববিদ্যালয়ের সকল অংশীজনকে নিয়ে একটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতারের আয়োজন করেছি। আমি আশা করছি, সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এই আয়োজন সফল ও তাৎপর্যপূর্ণ হবে।”