স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহিদ বীরদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) প্রত্যুষে স্মৃতিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি শহিদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।

এ সময় তার সঙ্গে প্রো-ভিসি অধ্যাপক মোঃ লুৎফর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম, বিভিন্ন অনুষদের ডিন (ভারপ্রাপ্ত), রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রকসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

একই সময়ে বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রসমূহের পরিচালকদের নেতৃত্বে সংশ্লিষ্ট বিভাগীয় শহরে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ ও শহিদ স্মারকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া গাজীপুর ক্যাম্পাস, নগর কার্যালয় ও আঞ্চলিক কেন্দ্রগুলোতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং অধিভুক্ত কলেজগুলোতে যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস পালিত হয়।