ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েট গাজীপুরের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বিভাগের প্রথম অ্যালামনাই রিইউনিয়ন অনুষ্ঠিত হয়েছে। বর্ণাঢ্য র‌্যালি পায়রা ও বেলুন উড়ানোর মধ্য দিয়ে দিনব্যাপী এই আয়োজনের সূচনা হয়। অনুষ্ঠানে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী শিক্ষক এবং অ্যালামনাইদের মিলনমেলায় পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, আধুনিক বিশ্বে বিদ্যুৎ যোগাযোগ প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা স্মার্ট গ্রিড রিনিউয়েবল এনার্জি ও সেমিকন্ডাক্টর প্রযুক্তির অগ্রগতিতে ইইই খাতের ভূমিকা ক্রমেই বহুমাত্রিক হচ্ছে। তিনি বলেন অ্যালামনাই রিইউনিয়ন একটি বিভাগের গৌরবময় অতীত ও সম্ভাবনাময় ভবিষ্যতের মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করে এবং প্রাক্তন শিক্ষার্থীদের অভিজ্ঞতা বর্তমান শিক্ষার্থীদের বাস্তবমুখী প্রস্তুতিতে সহায়ক ভূমিকা রাখে। অনুষ্ঠানে ভিসি আরও বলেন সক্রিয় অ্যালামনাই নেটওয়ার্ক গবেষণা উদ্ভাবন ও শিল্পখাতের সঙ্গে একাডেমিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে কাজ করে। প্রাক্তন শিক্ষার্থীদের সঙ্গে নিয়মিত সংযোগ ডুয়েটকে আন্তর্জাতিক পরিসরে আরও দৃঢ় অবস্থানে নিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিশেষ অতিথির বক্তব্যে উপ উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার বলেন এই পুনর্মিলন শিক্ষাঙ্গন ও শিল্পখাতের মধ্যে বাস্তবসম্মত সংযোগ তৈরি করবে এবং ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলায় কার্যকর ভূমিকা রাখবে।