ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে ‘এআই টুলস অ্যান্ড রেজাল্ট প্রিপারেশন উইদ কোর্স আউটকাম-প্রোগ্রাম আউটকাম ম্যাপিং ফর ক্যাপাসিটি বিল্ডিং ইন অ্যাকাডেমিয়া’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। কর্মশালায় কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ মোস্তফা কামাল রাসেল। এছাড়া বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিআরইএন)-এর সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস ও নেটওয়ার্ক অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সেলের জেনারেল ম্যানেজার খন্দকার রাশেদুল আরেফিন এবং ইনোভেশন সেলের ম্যানেজার আবু নাসের মো. নাফিউ বক্তব্য প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, ‘ওয়াশিংটন অ্যাকর্ডের সদস্য হওয়ার মাধ্যমে দেশের প্রকৌশল ডিগ্রিগুলোর আন্তর্জাতিক স্বীকৃতির পথ আরও সুগম হয়েছে। অ্যাকর্ডভুক্ত দেশগুলোতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের কাজের সুযোগ বৃদ্ধি পেয়েছে। এ সুযোগ কাজে লাগাতে ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামসমূহের অ্যাক্রেডিটেশন অর্জন প্রক্রিয়ায় এআই টুলসের ব্যবহার এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ সভাপতির বক্তব্যে আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, ‘বর্তমানে কোর্স ও প্রোগ্রাম আউটকামভিত্তিক শিক্ষা পদ্ধতি বিশ্বব্যাপী গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক মানদ- অর্জনে সিও-পিও ম্যাপিং বাস্তবায়নের বিকল্প নেই। আজকের কর্মশালাটি সেই লক্ষ্য অর্জনের উপায় নিয়েই আয়োজন করা হয়েছে।’