রাষ্ট্রীয় শোক দিবস উপেক্ষা করে স্কুল খোলা রাখা ও শিক্ষকদের উপস্থিত থাকতে বাধ্য করার অভিযোগে খুলনার খালিশপুরের বঙ্গবাসী স্কুলের প্রধান শিক্ষক এবং স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মো. দেলোয়ার হোসেনকে লাঞ্ছিত করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ৩১ ডিসেম্বর রাষ্ট্রীয় সাধারণ ছুটি ও শোক দিবস থাকা সত্ত্বেও প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন নোটিশ জারি করে স্কুল খোলা রাখেন এবং সকল শিক্ষককে উপস্থিত থাকতে নির্দেশ দেন। এ ঘটনায় সাধারণ শিক্ষক ও স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে এলাকাবাসী তাকে স্কুলের ভেতরে অবরুদ্ধ রেখে লাঞ্ছিত করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে খালিশপুর থানায় নিয়ে আসে। থানার ওসি তৌহিদুর রহমান জানান, পরবর্তীতে তার বিরুদ্ধে কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় ছেড়ে দেওয়া হয়েছে।

এদিকে এ ঘটনায় মাধ্যমিক ও উ”চ শিক্ষা অধিদপ্তরের মনিটরিং এন্ড ইভ্যালুয়েশন উইং ও অভিযোগ নিষ্পত্তি কর্মকর্তা (অনিক) প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। অধিদপ্তরের পরিচালক প্রফেসর কাজী মো. আবু কাইয়ুম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, অভিযোগ প্রতিকার ব্যবস্থা-সংক্রান্ত নির্দেশিকা ২০১৫ (পরিমার্জিত ২০১৮) অনুযায়ী অভিযোগ সংশ্লিষ্ট তথ্য যাচাইয়ের জন্য আগামী ৪ জানুয়ারি সকাল ১০টায় অনিক কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিক বক্তব্য দিতে হবে।