চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নুরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ শাহ্ নেয়ামতুল্লাহ কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। গত বৃহস্পতিবার কলেজের শিক্ষক মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় কলেজের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার পরিবেশ নিশ্চিতকরণ ও শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় শিক্ষকবৃন্দ কলেজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন মোঃ নুরুল ইসলাম বুলবুল এমপির কাছে। এসময় নুরুল ইসলাম বুলবুল এমপি কলেজের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। তাদের সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীদের প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলার কারিগর হলেন শিক্ষকরা। প্রতিটি শিক্ষার্থী আলোকিত মানুষ হিসেবে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে। তিনি আরও বলেন, ছাত্র-শিক্ষকের সুসম্পর্ক শিক্ষার্থীর আত্মবিশ্বাস ও শিক্ষার প্রতি মনোযোগ বাড়ায়। এছাড়া শিক্ষার্থীকে হতে হবে অনুগত, সম্মান প্রদানে সচেতন হতে হবে তার শিক্ষকের প্রতি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাঃ তরিকুল আলম সিদ্দিকি। উপস্থিত ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাঃ শরিফুল আলম, স্টাফ কাউন্সিলের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হাসান ডনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা। পরে, কলেজের সহকারী অধ্যাপক মোঃ হাকিকুল ইসলামকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।