সাইবার বুলিয়িংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্ত গোলাম রাব্বানী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।

বুধবার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, '২০২১–২০২২ শিক্ষাবর্ষের ইংরেজি বিভাগের এক শিক্ষার্থীর অভিযোগের প্রেক্ষিতে ২০২০–২০২১ শিক্ষাবর্ষের উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী গোলাম রাব্বানীর বিরুদ্ধে সাইবার বুলিয়িং, অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগ পাওয়া যায়। অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র-ছাত্রীদের জন্য শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ–২০১৮’-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।'

অফিস আদেশে আরও বলা হয়, 'বহিষ্কারকালীন সময়ে ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক বা প্রশাসনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং ক্যাম্পাসের আবাসিক হলেও অবস্থান করতে পারবেন না।'