জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন শিক্ষার্থী কর্তৃক বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগালি ও শারীরিকভাবে আঘাত করতে উদ্যত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

১৮ মে (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. শামছুল আলমকে সভাপতি করে গঠিত ৫ সদস্যের কমিটির অন্য সদস্যরা হলেন: অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম (পদার্থবিজ্ঞান বিভাগ); অধ্যাপক ড. মো. আব্দুল হালিম (উদ্ভিদবিজ্ঞান বিভাগ); অধ্যাপক ড. শামছুন নাহার (মাইক্রোবায়োলজি বিভাগ); সদস্য-সচিব: জনাব হাফিজুর রহমান (রিপোর্টার, জনসংযোগ অফিস)

৫ সদস্যবিশিষ্ট এই কমিটিকে আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে সুপারিশসহ তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

জানা যায়, গত ১৭ মে ২০২৬ তারিখ সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সামনে কয়েকজন শিক্ষার্থী পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের উদ্দেশ্য করে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করতে উদ্যত হন। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা প্রশাসনের কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সাংবাদিকদের অভিযোগের বিষয়টি তদন্ত করে সুষ্ঠু সমাধানের লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।