পাবনা সংবাদদাতা

পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসায় উৎসাহ -উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা- অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার লস্করপুরস্থ দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাসের মাদরাসা খেলার মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

সকাল ৯ ঘটিকায় পবিত্র কুরআন তিলাওয়াত, জাতীয় পতাকা উত্তোলন এবং বর্ণাঢ্য কুচকাওয়াজের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য দেন প্রিন্সিপাল ইকবাল হোসাইন। মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনার সদ্য সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদরাসার গভর্নিং বডির সভাপতি মাওলানা আব্দুস সামাদ।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর মোঃ আব্দুল আউয়াল মিয়া বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। ইসলামিয়া মাদরাসা শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে যে ধারাবাহিক সাফল্য বজায় রাখছে তা প্রশংসনীয়।”

বিশেষ অতিথির বক্তব্যে জেলা শিক্ষা অফিসার মোঃ আব্দুর রাজ্জাক শিক্ষার্থীদের নিয়মশৃঙ্খলার প্রশংসা করেন এবং মাদরাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

সভাপতির বক্তব্যে মাওলানা আব্দুস সামাদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং শিক্ষার্থীদের মাদরাসার সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পরিশেষে মাদরাসার সার্বিক কল্যাণ ও দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।