গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শনিবার বিশ্ব ভেটেরিনারি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ভেটেরিনারি মেডিসিন অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স অনুষদের উদ্যোগে এবং বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রতিষ্ঠানের সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচিতে ভেটেরিনারি পেশার বহুমাত্রিক গুরুত্ব তুলে ধরা হয়। এবারের প্রতিপাদ্য ছিল ‘ভেটেরিনারিয়ানরা: খাদ্য ও স্বাস্থ্যের অভিভাবক’। দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য রর্্যালি বের করা হয়, যা ক্যাম্পাস পরিভ্রমণ শেষে ভেটেরিনারি টিচিং হসপিটাল চত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে শিক্ষার্থীরা ব্যানার, ফেস্টুন ও স্লোগানের মাধ্যমে প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তায় ভেটেরিনারিয়ানদের ভূমিকা তুলে ধরেন।
পরে ভেটেরিনারি টিচিং হসপিটাল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডিন প্রফেসর ড. মোঃ তৈমুর ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। বিশেষ অতিথি ছিলেন পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান ও ভেটেরিনারি টিচিং হসপিটালের পরিচালক প্রফেসর ড. অনুপ কুমার তালুকদার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে ভেটেরিনারি চিকিৎসা ও গবেষণার উন্নয়নে আধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন এবং সংশ্লিষ্ট অবকাঠামো আন্তর্জাতিক মানে উন্নীত করার প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিনামূল্যে পশু চিকিৎসা ও টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়। এতে গাজীপুরের বিভিন্ন এলাকা থেকে আগত খামারিরা সরাসরি সেবা গ্রহণ করেন। কর্মসূচির আওতায় গরু, ছাগল-ভেড়া, হাঁস-মুরগি, বিড়াল, কুকুর ও পোষা পাখিসহ বিভিন্ন প্রাণিকে চিকিৎসা সেবা প্রদান করা হয়। এছাড়া দিবসটি উপলক্ষে পোস্টার প্রদর্শনী ও উদ্ভাবনী খাদ্য প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে শিক্ষার্থীদের সৃজনশীল উদ্যোগ বিশেষভাবে প্রশংসিত হয়। উল্লেখ্য, ২০০০ সাল থেকে প্রতি বছর এপ্রিলের শেষ শনিবার বিশ্বব্যাপী বিশ্ব ভেটেরিনারি দিবস উদযাপিত হয়ে আসছে।