স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ ও এমএসএস প্রোগ্রামের (১ম পর্ব, ১ বছর মেয়াদি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা সারা দেশে একযোগে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় মোট ৩ হাজার ২৯৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

ঢাকা আঞ্চলিক কেন্দ্রসহ গাজীপুরের মূল ক্যাম্পাস এবং দেশের ১১টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে নির্ধারিত বিভিন্ন কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। সার্বিক ব্যবস্থাপনা ও তদারকিতে ছিল কঠোর নজরদারি, ফলে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

পরীক্ষা চলাকালে বাউবির ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গাজীপুর মূল ক্যাম্পাসের কেন্দ্র পরিদর্শন করেন। তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করে সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণ আয়োজনের প্রশংসা করেন এবং সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।

এ সময় প্রো-ভিসি (শিক্ষা), ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন), সাঈদ ফেরদৌস, ট্রেজারার ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, ডিন তানভীর আহসান এবং ভর্তি কমিটির সভাপতি মোঃ আনিছুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।