শহিদুল্লাহ মনসুর, জাবি
জাকসুর এজিএস আয়েশা সিদ্দিকা মেঘলা বলেন, দেশের মানুষ এখন কোনো প্রতিশ্রুতিভিত্তিক সুবিধা নয়, বরং নিরাপত্তা ও স্বাধীনতা চায়। তিনি বলেন, “আমরা ফ্যামিলি কার্ড চাই না, আমরা একটি নিরাপদ বাংলাদেশ চাই।”
শনিবার (৭ ফেব্রুয়ারী) ঝিনাইদহ-৩ আসনের মহেশপুর উপজেলা অনুষ্ঠিত এক নারী সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, '২৪-এর গণআন্দোলন সহজে অর্জিত হয়নি। বহু মানুষের আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে সেই পরিবর্তনের পথ তৈরি হয়েছিল। কিন্তু সেই আন্দোলনের পর প্রত্যাশিত বাংলাদেশ এখনো বাস্তবায়িত হয়নি বলে মন্তব্য করেন তিনি।'
আয়েশা সিদ্দিকা মেঘলা অভিযোগ করেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হওয়ার পর একটি রাজনৈতিক শক্তি নিজেদের ক্ষমতাসীন মনে করে একই ধরনের দমনমূলক রাজনীতিতে জড়িয়েছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও ভয়ভীতির রাজনীতি নতুন করে শুরু হয়েছে বলেও তিনি দাবি করেন।
নারীদের নিরাপত্তা ও পোশাকের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বোরকা ও হিজাব পরা নারীদের সন্দেহের চোখে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে নারীদের জন্য আরও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি তৈরি করতে পারে।
আজকের বক্তব্যে তিনি রাজনৈতিক নেতৃত্বের বিশ্বাসযোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন। তার ভাষায়, “যে নেতা নিজের দলের মানুষকে বিশ্বাস করতে পারে না, সে জনগণের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করবে?”
আসন্ন গণভোট প্রসঙ্গে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন, বিচার বিভাগের স্বাধীনতা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা এবং ক্ষমতার ভারসাম্য রক্ষায় গণভোট গুরুত্বপূর্ণ। তিনি ভোটারদের গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানান।
আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ওই দিন গণভোট ও নির্বাচনের মাধ্যমে সন্ত্রাস ও ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে জনগণকে অবস্থান নিতে হবে।
সমাবেশের শেষাংশে তিনি শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তাদের জন্য দোয়া কামনা করেন এবং ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।