স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।
দিবসের প্রধান আয়োজন হিসেবে সকাল ৯টায় ভিসি অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি.এম. আহমেদ হুসেইনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভিসি বলেন, মহান স্বাধীনতা দিবস জাতির গৌরব, আত্মমর্যাদা ও ত্যাগের অনন্য প্রতীক। শহিদদের আত্মত্যাগের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার চেতনায় বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান তিনি। পাশাপাশি নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে গাজীপুর মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে ব্যানার প্রদর্শন এবং কেন্দ্রীয় মসজিদে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
একই সঙ্গে বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোতেও পুষ্পস্তবক অর্পণ ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।