জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, আধুনিক ও বিশ্বস্বীকৃত শিক্ষা পদ্ধতি প্রবর্তনের মাধ্যমে অদূর ভবিষ্যতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, সরকারের সহযোগিতায় বর্তমান প্রশাসন দক্ষ, কর্মসংস্থান উপযোগী এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় সক্ষম জনবল গড়ে তুলতে নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।

তিন দিনব্যাপী এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার তিনি এসব কথা বলেন এবং বিশ্ববিদ্যালয়ের চলমান কার্যক্রম ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ও এটুআই প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রফিক এবং ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমানুয়েল আব্রিউক্স।

অনুষ্ঠানে প্রো ভিসি প্রফেসর মো. লুৎফর রহমান অতিথিদের ধন্যবাদ জানান। এসময় ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম, রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন অনুষদের ডিন, পরীক্ষা নিয়ন্ত্রক, বিভাগীয় প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কর্মসূচির শুরুতে মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয় ও এর প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়াকে নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।