কারিগরি শিক্ষাঙ্গনের জনপ্রিয় প্রতিযোগিতা ‘স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন’-এর রংপুর অঞ্চলের আঞ্চলিক পর্ব গতকাল শনিবার দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে রংপুর অঞ্চলের ৩০টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ৯০টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে, যার মধ্য থেকে সেরা ৭টি উদ্ভাবন ঢাকায় অনুষ্ঠেয় জাতীয় পর্বের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়। এর মধ্যে প্রথম তিনটি প্রকল্প হলো (১) কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট (পলিমার রিসাইকেলড কনসট্রাকশন), (২) ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী (স্মার্ট আইওটি বেজড হোম অটোমেশন সিস্টেম) এবং (৩) ডিমলা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, নীলফামারী (ইলেকট্রিক্যাল এনার্জি উইথ এভরি স্টেপ)।
কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশ এবং তাদের নতুন নতুন উদ্ভাবন ও আবিষ্কার সবার সামনে তুলে ধরার অনন্য এ প্রতিযোগিতাটি শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন Accelerating and Strengthening Skills for Economic Transformation (ASSET) প্রকল্প আয়োজন করে। দিনব্যাপী আয়োজিত স্কিলস এন্ড ইনোভেশন কম্পিটিশন-এর অনুষ্ঠানমালায় উপস্থিত ছিলেন আবুল খায়ের মোঃ আক্কাস আলী, মহাপরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর, সামসুর রহমান খান, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), ASSET প্রকল্প, মোঃ মাহমুদ হাসান, পরিচালক, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং এডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, প্রশাসক, দিনাজপুর জেলা পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ রফিকুল ইসলাম, জেলা প্রশাসক, দিনাজপুর।
স্বাগত বক্তব্য দেন ASSET প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী রবীন্দ্রনাথ মাহাত। বক্তব্য রাখেন খন্দকার মোঃ নাহিদ হাসান, আঞ্চলিক পরিচালক (রংপুর), কারিগরি শিক্ষা অধিদপ্তর, প্রকৌশলী মো: আব্দুল ওয়াদুদ মন্ডল, অধ্যক্ষ, দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এবং আব্দুল হালিম, অতিরিক্ত পুলিশ সুপার, দিনাজপুর।
কারিগরি শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা এবং আমাদের করণীয় বিষয়ে একটি পাওয়ার পয়েন্ট পেজেন্টেশন দেন ASSET প্রকল্পের অপর উপ-প্রকল্প পরিচালক প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম।
প্রেসবিজ্ঞপ্তি।