বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে উদ্বুদ্ধকরণ এবং সৃজনশীল ব্যবসা ধারণা ও স্টার্টআপ বিকাশে ব্যাংকসহ বিকল্প অর্থায়ন বিষয়ক ‘ইয়ুথ এন্টারপ্রেনিউরশিপ এন্ড স্টার্টআপ ফর স্টুডেন্টস YESS শীর্ষক প্রোগ্রাম ৫ এপ্রিল (রোববার) খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়াধীন এসএমই ফাউন্ডেশন আয়োজিত এ প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেছে খুলনা বিশ্ববিদ্যালয় ও খুলনা ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব।

সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় তিনি বলেন, বাংলাদেশ নতুন এক সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে। তরুণদের কর্মসংস্থান সৃষ্টিতে বতর্মান সরকারের বিভিন্ন পরিকল্পনা রয়েছে, যার বাস্তবায়ন ক্রমেই দৃশ্যমান হচ্ছে।

তিনি আরও বলেন, দেশে চাকরির বাজার সীমিত। তাই চাকরি না খুঁজে কর্মসংস্থান সৃষ্টি করে অন্যদের জন্যও কাজের সুযোগ তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি জাতির প্রত্যাশা অনেক। তারা যদি নিজেদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে, তবে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে উল্লেখযোগ্য সফলতা অর্জন সম্ভব, তাই এ খাতে উৎসাহ দেওয়া জরুরি।

উপাচার্য বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে ‘ইউনিভার্সিটি ইনোভেশন হাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। এ হাবের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এবং প্রশিক্ষণ শেষে সিড মানি দিয়ে উদ্যোক্তা হওয়ার পথ সুগম করা হচ্ছে। তিনি বলেন, বাস্তবসম্মত আইডিয়া থাকলে উদ্যোক্তা হিসেবে সফল হওয়া সহজ। অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহী। শিক্ষার্থীরা যদি যুগোপযোগী আইডিয়া তৈরি করতে পারে, তবে অর্থায়ন বড় বাধা হবে না। পাশাপাশি সফট স্কিল অর্জনেও গুরুত্বারোপ করেন তিনি।

এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক মো. রুকনুজ্জামান এবং স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল হাই।

স্বাগত বক্তব্য রাখেন এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার আব্দুস সালাম সরদার। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্যারিয়ার ক্লাবের তাসমিয়া ইসলাম তিশা ও ফাহিম খান।